সাভারের আশুলিয়া থেকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল সৈয়দপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোঃ শাহ আলম দুখুকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে নীলফামারীর সৈয়দপুর থানার নিয়ামতপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলম দুখু (৪০) নীলফামারী জেলার সৈয়দপুর থানার কুন্দল পশ্চিমপাড়া এলাকার মৃত গমির উদ্দিনের ছেলে। সে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম মূলহোতা।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার কলতাসুতী ডোমনা মাজার রোড এলাকার শাহিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮) এর ব্যবহৃত লাল রংয়ের ১৫০ সিসি ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি তার বাড়ির নিচতলার কেচি গেটের ভিতর থেকে চুরি হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।
এ ঘটনায় মোটরসাইকেল মালিক জাহিদুল ইসলাম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চুরির সাথে জড়িত আসামি মো. শাহ আলম দুখুকে নীলফামারীর সৈয়দপুর থেকে গ্রেপ্তার করে।
এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে দুখু জানায় তার বাড়ির একটি কক্ষে চোরাই মোটরসাইকেলটি রয়েছে। পরে পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আশুলিয়া থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সৈয়দপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চোর চক্রের মূলহোতা শাহ আলম দুখুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।