তুরস্ক ও সিরিয়ায় গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে নতুন করে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৫ দশমিক ৮। তুরস্কের হাতায় প্রদেশে ছিল এগুলোর কেন্দ্রস্থল।
নতুন এই দুই ভূমিকম্পে তুরস্কে আরও তিন জন নিহত হয়েছেন এবং ভবন ধসে অনেকে আটকা পড়েছেন। এছাড়া নতুন কম্পনে তুরস্ক-সিরিয়ায় আহত হয়েছেন আরও প্রায় ৬৮০ জন মানুষ বলে বিবিসি এক খবরে জানানো হয়
সোমবারের এই কম্পনের ফলে দেশ দুটিতে আগে থেকে দুর্বল হয়ে পড়া ভবনগুলো ধসে পড়ে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলো জানিয়েছেন, নতুন ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছে আন্তাকিয়া, দেফনে ও সামানদাগিতে। আহত হয়েছেন ২১৩ জন। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে আপাতত প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। পরে দুপুরের দিকে তুরস্কে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী ভূমিকম্পে দুই দেশে অন্তত ৪৭ হাজার মানুষ নিহত হন। লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।