সাভারে ৯০০ পিস ইয়াবা জব্দ, দম্পতি আটক

আগের সংবাদ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চোলাই মদ

পরের সংবাদ

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক:

প্রকাশিত :১:২৮ অপরাহ্ণ, ০৮/১০/২৫

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ হিসেবে গাজার পথে থাকা কনশানস জাহাজটির দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী, যে জাহাজে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ইসরায়েলি হানাদার বাহিনী আমাদের জাহাজে উঠেছে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে।”

যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, সে কথা তুলে ধরে সকল কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমও দাবি করেছে, দেশটির নৌবাহিনী শহিদুল আলমদের বহনকারী নৌযান কনসেন্সসহ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, তেল আবিব জানিয়েছে, গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন একটি নৌবহরকে তারা থামিয়ে দিয়েছে। ফ্লোটিলার নৌযান ও যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে।

এর আগে বাংলাদেশ সময় আজ সকাল ৯টার কিছু পরে শহিদুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ইসরায়েলিরা কনসেন্সের দিকে এগিয়ে আসছে।’ আরেক ভিডিও ক্যাপশনে তিনি লেখেন, ‘ইসরায়েলিরা এগিয়ে আসছে।’

মঙ্গলবার ফেসবুকে শহিদুল আলম জানিয়েছিলেন, তাদের নৌবহর ভোর নাগাদ ‘রেড জোনে’ প্রবেশ করতে পারে। রেড জোন বলতে তিনি বোঝান সেই সমুদ্রসীমাকে, যেখানে কয়েকদিন আগে ইসরায়েলি সেনারা সমুদ্রে ফ্লোটিলা নৌবহর আটক করে অধিকারকর্মীদের গ্রেপ্তার করেছিল।

তিনি আরও বলেছিলেন, ‘ধীরগতির ছোট নৌযানগুলো যেন পেছনে না পড়ে, তা নিশ্চিত করতে সময় নিয়েছি। এগুলোও এফএফসির অংশ। তবে আমরা সুমুদ ফ্লোটিলার চেয়ে দ্রুত এগোচ্ছি। ঝড় ও তীব্র বাতাসের কারণে অন্যান্য নৌযান সাময়িকভাবে থেমে ছিল।’

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব নৌবহর প্রায়শই ইসরায়েলি বাহিনীর বাধা ও দমননীতির শিকার হয়।