নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একইসঙ্গে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি, সংসদের নিম্নকক্ষ হবে আসনভিত্তিক অর্থাৎ বর্তমান যে পদ্ধতি আছে এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংবাদিকাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।’
গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট, বিএনপি নেতা আব্দাল হক।
এসময় দি হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যরা উপস্থিত ছিলেন।