নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার ঘোষবাগ ভূইয়াপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ আরও তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার ঘোষবাগ ভূইয়াপাড়া জালাল মাস্টারের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল নাটোর জেলার হরিদাশপুর থানার চাঁন মিয়ার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় দোকাটি এ্যাপারেলস লিমিটেড কারখানার পাশে মুদি দোকান করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন, ভূইয়াপাড়া এলাকার জালাল মাস্টারের ছেলে শাকিল (২৮), তার ছেলে শান্ত (৮) এবং জাহাঙ্গীর আলমের ছেলে অভি (৯)।
এ বিষয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল তার বন্ধু শাকিলের দোতলা বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছিলেন। একপর্যায় তাদের একটি ঘুড়ি পাশের বিদ্যুতের খুঁটিতে জড়িয়ে পড়ে। এসময় তারা ছাদে থাকা লোহার রড দিয়ে ঘুড়ি ছাড়ানোর চেষ্টা করলে একে একে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের অনুরোধে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।