ডেঙ্গুর কাছে হার মেনে ‘না ফেরার দেশে’ চলে গেলেন সাংবাদিক নাদিম

আগের সংবাদ

আশুলিয়ায় রাতের আঁধারে বই বিক্রি, হাতেনাতে ধরা পড়ে ফেরত নিলেন প্রধান শিক্ষক!

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৯:০৭ অপরাহ্ণ, ১৪/১১/২৬

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারের দেওয়া সরকারি পাঠ্যবই রাতের আঁধারে কেজি দরে বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আশুলিয়ার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দুটি ভ্যানভর্তি করে বই বাইরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আটকে দেন এলাকাবাসী। পরে স্থানীয় এক মেম্বার প্রার্থীর মধ্যস্থতায় ৫০ হাজার টাকার বিনিময়ে বইগুলো পুনরায় স্কুলে ফিরিয়ে নেওয়ার শর্তে বিষয়টি মীমাংসা করার অভিযোগও রয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার ডগরতলী হাজী জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষক হলেন আশুলিয়ার ডগরতলী এলাকার হাজী জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ সামাদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে ডগরতলী হাজী জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে দুটি ভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ভ্যান আটকে তল্লাশি চালিয়ে সেখানে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বইসহ কিছু পুরাতন পাঠ্যবই দেখতে পান। এ সময় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে ভ্যানচালকরা জানান যে, ডগরতলী স্কুল থেকেই এই বইগুলো বিক্রি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা লেহাজ উদ্দিন জানান, “ভ্যানগাড়িটি রাস্তায় আটকে যায়। পাশে হেড স্যার (প্রধান শিক্ষক) দাঁড়িয়েছিলেন, তিনি গাড়িটি ধাক্কা দিয়ে দিতে বলেন। আমরা ধাক্কা দিতে গিয়ে দেখি গাড়িভর্তি ইন্ট্যাক্ট (নতুন) বই। গাড়ির লোককে জিজ্ঞেস করলাম, ইন্ট্যাক্ট বই কই থেকে এল? তিনি বললেন, এই স্কুল থেকে এনেছি। আমার সাথে স্থানীয় আরেক যুবক একটি বই টান দিয়ে দেখল ২০২৬ সালের বই। এরপর তাকে জিজ্ঞেস করলাম, ২০২৬ সালের বই বিক্রি করল কে? তখন তিনি বলেন, হেডমাস্টার ও তাঁর সাথে ২-৩ জনের কথা বলেছে।” পরে বিষয়টি জানাজানি হলে আমরা স্থানীয় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেনকে ফোন করে বিষয়টি জানাই।

এ বিষয়ে শামীম নামের স্থানীয় এক যুবক বলেন, “মেম্বারদের অফিসে এই ঘটনার মীমাংসার জন্য বসা হয়েছিল। রাত ৩টা-৪টার পরে তো আমি ছিলাম না, চলে এসেছিলাম। আমি যতটুকু শুনেছি, যে মাল কিনেছিল তার টাকা ফেরত দিয়ে স্কুলের মাল স্কুলে দিয়ে দিছে। স্কুলের প্রধান শিক্ষক মীমাংসার সময় উপস্থিত ছিলেন। আমি বেশিক্ষণ ছিলাম না তো, চলে এসেছিলাম।”

বই বহনকারী ভ্যানচালক দোলাল শেখ জানান, “ডগরতলী স্কুল থেকে মহাজন বই কিনেছে। বই বিক্রির সময় হেডস্যার (প্রধান শিক্ষক) ছিলেন, আর একটা ম্যাডাম ছিলেন এবং একজন লোক ছিলেন, আমি চিনি না। আমাদের ভাড়ায় এনেছে, আমরা এসেছি।”

অপর ভ্যানচালক বাশার শেখ বলেন, “বইগুলো ডগরতলী স্কুল থেকে নিয়েছি। রাত ৭টার দিকে যাওয়ার সময় আমাদেরকে আটকাইছে। এখানে ২০২৬ সালের বই দিছে। এগুলো তো বেচা ঠিক হয় নাই। ৩৬ হাজার টাকার বই কিনছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, কুড়গাঁও এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রায় ১ হাজার ৩০০ কেজি বই ৩৬ হাজার ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করেন ডগরতলী হাজী জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ সামাদ। এছাড়া স্থানীয় একজন জনপ্রতিনিধির মধ্যস্থতায় তাঁর অফিসে বসে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিষয়টি মীমাংসার চেষ্টা চলে। পরে রাতের একপর্যায়ে ৫০ হাজার টাকায় রফাদফা করা হয় এবং বই ক্রেতার টাকা ফেরত দেওয়াসহ বইগুলো পুনরায় স্কুলে ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সরকারি সম্পদ বিক্রির মতো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ কীভাবে জনপ্রতিনিধি প্রার্থীর কার্যালয়ে মীমাংসা করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক এম এ সামাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, পুরাতন বই-খাতা বিক্রি করা হয়েছিল, সেখানে ২০২৪ ও ২০২৫ সালের বই ছিল, ২০২৬ সালের দু’একটা থাকতে পারে।

তবে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রি করার কোনো নিয়ম আছে কি না—এমন প্রশ্ন করা হলে তিনি তা স্বীকার করে বলেন, “না, এটা তো নিয়মই নাই।”

এদিকে স্থানীয় এক মেম্বার প্রার্থীর অফিসে বসে বিচার করে বই রেখে দেওয়া, টাকা লেনদেন ও বই ক্রেতার টাকা ফেরত না দেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো আরেকজনের ওপর দায় চাপিয়ে দিয়ে বলেন, “দেলোয়ারই সব কিছু করছে, মেম্বার আমাদের প্রতিনিধি। দেলোয়ারের সাথে কথা বলেন, দেলোয়ারই সব কিছু বলবে।”

ঘটনার মধ্যস্থতাকারী ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেন, “যা হইছে, ওই পর্যন্ত স্থগিত রাখছি, বই বিক্রি করতে দিইনি, সব রাইখা দিছে।”

এ বিষয়ে প্রশাসনকে না জানিয়ে নিজের অফিসে বসে সালিশ বা মীমাংসা করার এখতিয়ার তাঁর আছে কি না—প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান এবং বিষয়টি নিয়ে দায় এড়ানোর চেষ্টা করে বলেন, “ভাই, এ সমস্ত কিছু আমি জানি না, এটা নিয়ে কিছু হয় নাই।”

পরবর্তীতে তাঁকে পুনরায় ফোন করে ৫০ হাজার টাকায় রফাদফার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি হাসপাতালে আছেন—এই অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “কোনো স্কুলে বই বেশি হলে তা ফেরত দেওয়ার নিয়ম। বই বেশি হলে সেটা বিক্রি করার কোনো প্রশ্নই আসে না। তাঁর যদি বই বেশি হয়, তাহলে সে ফেরত দেবে, আমাদের জানাবে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের সর্বশেষ