সাভারের আশুলিয়ায় সড়কের পাশে গর্তে লেগুনা উল্টে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বদিউল আলম গাজী ও হৃদয় মিয়া এবং আহতরা হলেন- বিলকিস বেগস ও সুব্রত পাল। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কটি প্লাবিত ছিল। লেগুনাটি সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের গর্তে পড়ে উল্টে যায়। এতে লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠিয়েছেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান জানান, রাত ৮টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানান। আহতদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, জামগড়া এলাকায় সড়কের পাশের গর্তে লেগুনা উল্টে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর লেগুনাটি ঘটনাস্থলে রয়েছে। তবে লেগুনার চালক ও হেলপার পলাতক রয়েছেন।