আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর

আগের সংবাদ

আশুলিয়ায় আঃ লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:২৪ পূর্বাহ্ণ, ১৭/১১/২৬

ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বের হওয়া একটি ঝটিকা মিছিলে সম্পৃক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শফিউল আলম সোহাগ।

এর আগে রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বকুলনগর ও পানদোয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়ার বিশমা এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরবর্তীতে পুলিশ ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মিছিলে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে আশুলিয়ার বকুলনগর ও পানদোয়া এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে সম্পৃক্ত ৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার গকুলনগর এলাকার মৃত ইয়ার আলীর ছেলে মো. রনি (৩৬), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বড়গাঁ এলাকার জিন্নাত আলী শরীফের ছেলে রাজু শরীফ (২৯), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খৈইলাপুরি এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া (৩৫), আশুলিয়ার গকুলনগর এলাকার জালাল সরদারের ছেলে মো. ইয়াসিন (১৯), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কাজলা এলাকার আবু তাহেরের ছেলে মো. আব্দুল কাদের (৩৫), জামালপুর জেলার সরিষাবাড়ী থানার হরখালী এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. শুভ মিয়া (৩০) এবং নড়াইল জেলার লোহাগড়া থানার আজমপুর এলাকার আলিম হোসেনের ছেলে মো. ফেরদৌস আলম (২৩)। গ্রেপ্তারকৃতদের অধিকাংশ আশুলিয়ার গকুলনগর এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে বসবাস করে আসছিলেন।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) শফিউল আলম সোহাগ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নাশকতা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সর্বশেষ